বিপ্লবী বার্তা

ইবির মুগ্ধ সরোবরে অনিয়ন্ত্রিত বাইক চলাচল, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবরে যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ থাকলেও তা অকার্যকর হয়ে পড়েছে। স্থাপিত পিলার উপেক্ষা করে বিকল্প পথ দিয়ে মোটরসাইকেল প্রবেশ অব্যাহত থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনিয়ন্ত্রিত বাইক চলাচলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি ও ভোগান্তি।সরেজমিনে দেখা যায়, সরোবর এলাকায় গাড়ি চলাচল বন্ধ করতে প্রধান দুই প্রবেশদ্বারে একাধিক পিলার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সরোবরের পাশেই নির্মাণাধীন একাডেমিক ভবনের উত্তর দিকে র‍্যাম্পের বাম পাশে কোনো প্রতিবন্ধকতা বা বেষ্টনী না থাকায় সেই পথ দিয়ে বাইক চালকরা অবাধে ভেতরে প্রবেশ করছে। এতে করে হাঁটাচলার পথে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।​শিক্ষার্থীদের অভিযোগ, মীর মুগ্ধ সরোবর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের আড্ডা ও অবসরের অন্যতম জনপ্রিয় জায়গা। কিন্তু গত কয়েকদিন ধরে বহিরাগত ও স্থানীয় কিছু বাইক চালক সরোবরের ভেতরে দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীদের চলাচল ও আড্ডায় বিঘ্ন ঘটছে। এমনকি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, আমি দ্রুত সিকিউরিটি সেলকে বিষয়টি দেখার জন্য পাঠাচ্ছি। পাশাপাশি, যেসব জায়গা দিয়ে মোটরসাইকেল প্রবেশ করছে, বিশেষ করে র‍্যাম্পের বাম পাশের অংশটি ইঞ্জিনিয়ারিং সেকশনের মাধ্যমে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

ইবির মুগ্ধ সরোবরে অনিয়ন্ত্রিত বাইক চলাচল, বাড়ছে নিরাপত্তা শঙ্কা