বিপ্লবী বার্তা

কাঠালিয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের তরুণীর অনশন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক তরুণী অনশন শুরু করেছেন। গত কয়েকদিন ধরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে স্বামী শাকিল ইসলামের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রাম থেকে আসা জান্নাতি আক্তার (২০) নামের ওই যুবতী। এদিকে জান্নাতির উপস্থিতি টের পেয়ে ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছেন শাকিল ও তার পরিবারের সদস্যরা।ভুক্তভোগী জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। অভিযুক্ত শাকিল ইসলাম কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।জান্নাতি আক্তার জানান, তিন বছর আগে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে শাকিলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত এক বছর আগে ৫ লক্ষ টাকা কাবিননামায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা ঢাকার লতিফপুর বোরা মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় সংসার করে আসছিলেন।জান্নাতি আরও জানান, বিয়ের পর শাকিল তাকে দুইবার কাঁঠালিয়ায় তার নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন। তখন শাকিল তার বাবা নুরুল হক মোল্লা, মা মনিরা বেগম, ভাই সোহেল ও বোন সোনিয়া আক্তারের সঙ্গে জান্নাতিকে পরিচয় করিয়ে দেন।গত ১৪ এপ্রিল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান শাকিল। এরপর থেকেই তার ফোন বন্ধ এবং স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। নিরুপায় হয়ে জান্নাতি তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছোট বোন পাখিকে সঙ্গে নিয়ে স্বামীর খোঁজে কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে হাজির হন। তবে তারা পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।বর্তমানে তালাবদ্ধ ঘরের বারান্দায় অবস্থান করছেন ওই তরুণী। জান্নাতি আক্তার বলেন, "স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততক্ষণে আমি এখান থেকে যাব না। সে যদি আমাকে স্বীকার না করে, তবে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।"এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মেয়েটি তার ছোট বোনকে নিয়ে অসহায় অবস্থায় বাড়ির সামনে অবস্থান করছেন, অথচ ঘর তালাবদ্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিল বা তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাঠালিয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের তরুণীর অনশন