বিপ্লবী বার্তা

চবিতে মানসিক স্বাস্থ্য উৎসবে বিনামূল্যে কাউন্সেলিং পেলেন দুই শতাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে দিনব্যাপী ‘ডিকোড ইয়োর মাইন্ড’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। উৎসবে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং, অ্যাসেসমেন্ট, প্রাথমিক কাউন্সেলিং ও সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরি অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও স্কুল অব হ্যাপিনেস যৌথভাবে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইফস্প্রিং।সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উৎসবের উদ্বোধন করেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব বলেন, দেশে শারীরিক স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল ও সুযোগ-সুবিধা গড়ে উঠলেও মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখনো পর্যাপ্ত চিকিৎসা ও সহজলভ্যতা নিশ্চিত হয়নি। শিক্ষার্থীদের এ সংকট দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।চাকসুর নির্বাহী সদস্য ও আয়োজনের প্রধান জান্নাতুল ফেরদাউস সানজিদা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানা ধরনের মানসিক সমস্যার মুখোমুখি হন। তবে এসব বিষয়ে সচেতনতা ও প্রতিকার পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। এ ঘাটতি পূরণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।দিনব্যাপী উৎসবটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম সেশনে শিক্ষার্থীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং, অ্যাসেসমেন্ট ও প্রাথমিক কাউন্সেলিং দেওয়া হয়। চবি মেডিকেল টিমের অভিজ্ঞ কাউন্সেলর মিথিলা ফারজানা হক, শান্তা ইসলাম ও শাহারিয়া রহমান নাবিলার পাশাপাশি ইন্টার্ন কাউন্সেলর সলিমা বিনতে রিপা, রেজওয়ানা পারভীন শান্তা ও সোভিত চাকমা এসব সেবা দেন।দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশনে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাইফস্প্রিং চট্টগ্রাম শাখার মনোবিজ্ঞানী ও গবেষক এমডি ইমরান হোসাইন এবং প্রতিষ্ঠানটির মনোবিজ্ঞানী আফরোজা আফরিন আলোচনা করেন।কর্মশালায় মানসিক কষ্ট ও বিষণ্ণতা মোকাবিলা, মানসিক দৃঢ়তা তৈরি, ডিজিটাল যুগে আত্মপরিচয় ও পারস্পরিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং মানসিক সুস্থতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা।অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর, আয়োজকদের সনদ প্রদান, মানসিক স্বাস্থ্য মূল্যায়নে দায়িত্ব পালনকারী ইন্টার্নদের স্বীকৃতি এবং আমন্ত্রিত বক্তাদের সম্মাননা স্মারক দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা ও উৎসবের সহ-আয়োজক সাকিব আহমেদ। তিনি আয়োজনটি সঞ্চালনও করেন।আয়োজক কমিটি উৎসব বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, চবি মেডিকেল টিম, লাইফস্প্রিংয়ের বিশেষজ্ঞ দল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

চবিতে মানসিক স্বাস্থ্য উৎসবে বিনামূল্যে কাউন্সেলিং পেলেন দুই শতাধিক শিক্ষার্থী