রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না: শফিকুর রহমান
স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংকটের সময় নিষ্ক্রিয় না থেকে তা মোকাবিলাই তাদের অগ্রাধিকার।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, “রোম পুড়লে নিরোর মতো বসে বাঁশি বাজাবো না; আগুন নেভানোর চেষ্টাই করবো।”
আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কাগজে-কলমে আইসিইউ থাকার কথা বলা হলেও বাস্তবে অধিকাংশ হাসপাতালে তা কার্যকর নয়। একজন চিকিৎসক হিসেবে তিনি উল্লেখ করেন, আইসিইউ পরিচালনায় প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে।
স্বাস্থ্য খাতকে “পুরোপুরি বিপর্যস্ত” আখ্যা দিয়ে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ গিয়ে তিনি চরম চাপের চিত্র দেখেছেন। ১ হাজার শয্যার বিপরীতে সেখানে প্রায় ৩ হাজার ৭০০ রোগী ভর্তি এবং প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৪ হাজার মানুষ। প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও সহায়তার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও অবহেলার কারণেই স্বাস্থ্য খাতের এ অবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
একইদিন রাজধানীর আসাদগেট এলাকায় জ্বালানি পাম্প পরিদর্শন শেষে তিনি জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, পাম্পগুলো চাহিদার এক-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে, ফলে সংকট তৈরি হচ্ছে। এ বিষয়ে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি সংসদে তুলে ধরা হবে।