বিপ্লবী বার্তা

আগামী এক বছরে দেশের স্থানীয় নির্বাচন শেষ করতে চায় ইসি

আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির কাজ শুরু হয়েছে।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই ইসির প্রধান অগ্রাধিকার। তবে নির্বাচন আয়োজনের আগে আইন, বিধি ও নীতিমালায় কিছু পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে বাজেট, প্রশাসনিক সক্ষমতা এবং মৌসুমি বাস্তবতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো পূর্ণ প্রস্তুত না হলেও আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে সব স্থানীয় নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কোন নির্বাচন আগে হবে আর কোনটি পরে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও একই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।নির্বাচন কমিশন জানিয়েছে, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও জনগণের আস্থা ধরে রাখতে চায় কমিশন। দেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিকভাবে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, তা অক্ষুণ্ন রাখতেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী এক বছরে দেশের স্থানীয় নির্বাচন শেষ করতে চায় ইসি