পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ, অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন
নরসিংদীর পলাশে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ‘পলাশ উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার শত শত মানুষ অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা অভিযুক্ত মাদক ব্যবসায়ী অর্জুন বাদশা এবং হাফিজুর রহমানের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন: আলম মোল্লা, সভাপতি, ঘোড়াশাল পৌর বিএনপি, লিপন দেবনাথ, সভাপতি, পলাশ উপজেলা হিন্দু মহাজোট, প্রলয় দেবনাথ জুয়েল, আহ্বায়ক, উপজেলা হিন্দু যুব মহাজোট, শিশির চন্দ্র ধর, আহ্বায়ক, পলাশ থানা হিন্দু ছাত্র মহাজোট।বক্তারা বলেন, একটি শান্ত এলাকায় এমন জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।গত ১৫ এপ্রিল সানের বাড়ির আতশীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায় অর্জুন বাদশা ও হাফিজুর। পাশের একটি কলাবাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ ওই দিনই হাফিজুরকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত অর্জুন বাদশা এখনও পলাতক রয়েছে।প্রশাসনের পক্ষ থেকে পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।