বিপ্লবী বার্তা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখা

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা।রবিবার (১৫ নভেম্বর) হাবিপ্রবি মজার ইস্কুলের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রায় ৭৭ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিল তুলে দেওয়া হয়। এ ছাড়া শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে হাতের লেখা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশুদের আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়।আয়োজনে বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক ইমরানসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং মজার ইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।এ বিষয়ে সংগঠনটির সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদয় বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের ছোট ছোট উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখা মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে।”সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, “হাবিপ্রবি মজার ইস্কুলের কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। হাতের লেখা ও গজল প্রতিযোগিতার পাশাপাশি প্রায় ৭৭ জন শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত। শিশুদের পাশাপাশি মজার ইস্কুলের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ আমাদের আয়োজনকে আরও সার্থক করেছে। আমরা চাই, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখার সাহস ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে।"

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখা