সিএনজি স্টেশন পরিচালনায় ৩ নির্দেশনা গাজীপুর–ময়মনসিংহ জোনাল কমিটির
সিএনজি স্টেশন পরিচালনা, গ্যাস সরবরাহে সরকারি নিষেধাজ্ঞা প্রতিপালন এবং গণপরিবহনে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি তিনটি নির্দেশনা দিয়েছে গাজীপুর–ময়মনসিংহ জোনাল কমিটি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির পক্ষ থেকে সভাপতি ডা. ওয়াসিউল হুদা সৈকত ও সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ সুমন পিএনজি ব্যবসায়ীদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।নির্দেশনায় বলা হয়, শিল্পকারখানার নিজস্ব মালিকানাধীন সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণের তারিখ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরীক্ষা করার পর রাতে গ্যাস সরবরাহ করতে হবে।এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ ও কম্প্রেসর চালানো বন্ধ রাখতে হবে। একই সঙ্গে গণপরিবহনে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দিনের বেলায় কোনো ধরনের সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা যাবে না। পাশাপাশি দড়ি টানিয়ে গ্যাস সরবরাহের মতো অনিরাপদ পদ্ধতিও বন্ধ রাখতে হবে।কমিটির পক্ষ থেকে জানানো হয়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না।নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করে নিরাপদ গ্যাস সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর–ময়মনসিংহ জোনাল কমিটি।