মাদ্রাসা শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল অধিদপ্তর
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার কয়েকজন শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আলোচনা এবং শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এতে দেশের মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব কার্যক্রম সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯-এর ১০(ঙ), ১০(চ) ও ১০(ঝ) অনুচ্ছেদের পরিপন্থি। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮(গ) অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য।এ অবস্থায় মাদ্রাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে।বিজ্ঞপ্তির অনুলিপি দেশের সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর কাছেও পাঠানো হয়েছে।এদিকে, তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। কর্মসূচিতে দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।