দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা: বিচার দাবিতে রাজপথে গণমাধ্যমকর্মীরা
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার দাবি জানান তাঁরা।দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইনসহ অন্যরা।সমাবেশে এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এত বড় মর্মান্তিক ঘটনার পরও এখন পর্যন্ত জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ। সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করা হয়েছে। চোরাচালানের মতো অপরাধের তথ্য তুলে ধরতে গিয়ে তাঁকে প্রাণ দিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মৃত্যুভয় দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, তাঁরা সত্য প্রকাশ অব্যাহত রাখবেন। একই সঙ্গে এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক ধনেশ পত্রনবিস, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় সাংবাদিকেরা।মানববন্ধন শেষে সাংবাদিকেরা রাজপথে বসে দীর্ঘ সময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।