সরকার গণভোটের রায় ও জনগণের মতামত উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও এখন সরকার গণভোটের রায় মানছে না। তিনি অভিযোগ করেন, উন্নয়ন কার্যক্রমে আঞ্চলিকতা ও দলীয় প্রাধান্য দেওয়া হচ্ছে।তিনি বলেন, 'একটি এলাকাতেই সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে, অথচ সার্বিক গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন এলাকায় হওয়া উচিত।' উন্নয়নের ক্ষেত্রে ন্যায্যতা ও সাম্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, 'এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, সরকারের সমালোচনা করা সাংবাদিকদের টার্গেট করে হেনস্তা ও চাকরিচ্যুত করা হচ্ছে।এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।