‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে গাজীপুরে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
ঐতিহাসিক 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ(১লা মে) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জুবায়ের বলেন, 'শ্রমজীবী মানুষ জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে আসে। তাদের জন্য আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই। বিপুল শ্রমিক অধ্যুষিত এই গাজীপুর। এখানে সরকারের উচিত ছিলো শ্রমিকদের জন্য জীবন মানের উন্নয়নের জন্য কাজ করা। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকলেও শ্রমিকদের জন্য আসন নেই।' তিনি বলেন, 'জাতীয় অগ্রগতির জন্যই শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে হবে।' দেশের জনগণের উন্নয়নে শ্রমিক মালিক এক হয়ে কাজ করার আহ্বান জানান এডভোকেট জুবায়ের। আজকের ঐতিহাসিক শ্রমিক দিবসের সফলতা কামনা করেন তিনি। নগর সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ