যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ আটক
যশোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে মিছিল ও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এরই ধারাবাহিকতায় মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করা হয়েছে।কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, ফরিদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি ওসি।২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।