লক্ষ্মীপুরে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ
লক্ষ্মীপুরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রদত্ত এ মেধাবৃত্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং নন-পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসব শিক্ষার্থী মেধাবৃত্তির জন্য মনোনীত হন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক; মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ লাইন্সের আরআই, টিআই (প্রশাসন), বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা অংশ নেন।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।