ঢাকাসহ দেশের পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উপকূলীয় পাঁচ জেলার ওপর দিয়ে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।