যারা অনেক সম্পদের মালিক হতে চান, তাদের জন্য আইনি পেশা নয়: ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, 'অনেকে অনেক জ্ঞান রাখেন কিন্তু প্র্যাকটিসে সফল নন। আবার অনেকে ড্রাফটিং ভালো করেন কিন্তু মামলা লড়তে পারেন না। আপনাদের ভালো আইনজীবী হতে হবে। যারা অনেক টাকা বা সম্পদের মালিক হতে চান, তাদের জন্য এই পেশা নয়। যদি দ্রুত ধনী হওয়ার নিয়ত থাকে, তবে দয়া করে এই পেশা ছেড়ে দিন।'শুক্রবার (৮ মে) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইডিবি) মিলানায়তনে নবীন সহকারী জজ, আইনজীবী ও আয়কর প্রাকটিশনারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 'আইন পেশা একটি অত্যন্ত সম্মানজনক ও কঠিন পেশা। এখানে নৈতিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি। আমরা আইনজীবীরা পেশায় আসার আগে একটি শপথ গ্রহণ করি। এই শপথ কেবল আদালতের ভেতরে নয়, ব্যক্তিগত ও সামাজিক জীবনেও বজায় রাখতে হয়।' ঢাকা জজ কোর্টের আইনজীবী নোমান ইবনে বাশার ও ইসমত জাহান বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। হক ল একাডেমির পরিচালক অ্যাডভোকেট নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মাহবুব উল ইসলাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইননজীবী এসএম শাহজাহান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা: আব্দুর রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ঢাকা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো: আবু নাছের মজুমদার মেজবাহ, জাতীয় সংসদের পরিচালক (আইন) জসিম উদ্দিন, কৃষি ব্যাংক কলরজের ফ্যাকাল্টি মাছুদুর রহমান ব্যরিস্টার সানজিদ সিদ্দিকী ও হক ল একাডেমির চেয়ারম্যান বুশরাত মাসুমা নিপা।এসময় প্রধান আলোচক হাইকোর্টের বিচারপতি মাহবুব উল ইসলাম বলেন, একজন আইনজীবী সমাজের বিবেক। তিনি কারো প্রতিবেশী কিংবা প্রতিযোগী নন। তার আচরণ হবে সকলের প্রতি সহমর্মিতা ও নেতৃত্ব উপযোগী। সমাজে তিনি বিসর্জনের মাধ্যমে প্রভাব বিস্তার করবেন। যার যত বেশি বিসর্জন দেবার সামর্থ্য থাকবে, তিনি তত বেশি প্রশংসিত ও বরণীয় হবেন।তিনি আরও বলেন, 'কোনো আইনজীবীকে ব্যক্তিগতভাবে মামলায় জড়িয়ে পড়া উচিত নয়। তার ক্যারিয়ারে এর খুব প্রভাব পড়ে। বিচারকের জীবন ও পেশা অন্য কারো জীবন ও পেশার সাথে তুলনীয় নয়।' এসময় অ্যাডভোকেট নোমান ইবনে বাশারের সম্পাদনায় “আইনের বাতিঘর” স্মরণিকার ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক সহকারী জজ, নবীন আইনজীবী ও আয়কর প্রাকটিশনার সম্মাননা স্মারক, গাউন এবং রাতের খাবার গ্রহণ করেন।