বিপ্লবী বার্তা

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সেঁজুতি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র মালু সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবারের সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে। ফোনে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।আজ সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত শিশুটির বাবা ফালু চন্দ্র মালু গণমাধ্যমকে বলেন, আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার