বিপ্লবী বার্তা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রামিম উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালক সবুজ মিয়া (২০) পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদার দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া চাকার হাওয়া দেওয়ার মেশিনের পাইপ দিয়ে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে বাতাস প্রবেশ করায় শিশুটির নাড়ি ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। প্রচণ্ড শ্বাসকষ্ট ও পেট ব্যথা নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।ওসি আরও জানান, অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা