কুবিতে অপ্রতিমের স্মরণে শিক্ষক সমিতির শোক র্যালি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুবি শিক্ষক সমিতি। নিহত অপ্রতিমের স্মরণে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি শোক র্যালি ও মানববন্ধন করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শোক র্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই শোক র্যালি ও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন।র্যালিতে অংশগ্রহণকারীরা অপ্রতিমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন্নাহার শিলা বলেন, "আমি গতকাল রাত ১২ টা পর্যন্ত নাহিদা ম্যামের বাসায় ছিলাম। ম্যাম চান প্রয়োজনে আইন সংশোধন করে অপরাধীদের শাস্তি হউক। অপরাধী তুহিন বেশি কিছুদিন বিনা পারিশ্রমিকে ম্যামের স্বামীর ব্যবসায় কাজ করেছিলেন। ম্যাম যখন প্রক্টর ছিলেন তখন কিছু মাদক চক্রকে ধরিয়েছিলেন তাদের মধ্যে এই অপরাধীদের দুইজন ছিলেন।"বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, "উপাচার্য স্যার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় প্রশাসনের সাথে একটা পরামর্শ সভার। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তার ছেলে-মেয়েই ক্লাস ৬-৭ এ পড়ে, যদি ছেলে মেয়েই না থাকে তাহলে টাকা দিয়ে কি করব। আমরা চাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হউক।"শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, "অপ্রতিমের এই হত্যা পুরো বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি অপরাধীদের শাস্তি না হয়, তাহলে হয়তো আরো অনেক অপ্রতিম এমন নৃশংস হত্যার স্বীকার হতে হবে। তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"