বিপ্লবী বার্তা

পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

‘আমার মা আমার প্রথম শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে ১৫০ মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো শহীদুল ইসলাম, ইউপিইটিসির ইন্সট্রাক্টর রনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল  ইসলাম মোল্যা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চন্ডীচরণ পাল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলী আসফিয়া বলেন, আজ আমরা ১৫০ মাকে সম্মাননা দিচ্ছি। শিক্ষক দিবসে আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। তারা যেন প্রথম শিক্ষক হিসেবে মাকে সম্মান করে এবং একইসঙ্গে তাদের শিক্ষাগুরুকেও সম্মান জানায়—সেই বার্তাই আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। মায়েদের এভাবে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ এবারই বড় পরিসরে করা হয়েছে। এর আগে আমরা ছোট পরিসরে এ ধরনের আয়োজন করেছি। এবার আল্লাহর রহমতে অভিভাবকদের উপস্থিতিও অনেক ভালো হয়েছে। ভবিষ্যতেও আমাদের বিদ্যালয়ে এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, এটি অসাধারণ একটি আয়োজন। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে উদ্যোগ নিয়েছেন, এটি সারা দেশের জন্যও একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে। ‘আমার মা আমার প্রথম শিক্ষক’ এই বার্তাটি শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মায়েদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি মনে করি, এই বিদ্যালয়ের মাধ্যমে যে উদ্যোগটি শুরু হলো, সেটি পিরোজপুর জেলার অন্যান্য বিদ্যালয়েও ছড়িয়ে দেওয়া সম্ভব। এ বিষয়ে আমি নিজেও আগ্রহ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। পরবর্তী সভাগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা করে জেলার অন্যান্য বিদ্যালয়েও এ ধরনের আয়োজন কীভাবে করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো শহীদুল ইসলাম বলেন, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আমরা এই আয়োজন দেখে অভিভূত হয়েছি। এটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। আমরা চেষ্টা করব সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিশুর জীবনে প্রথম শিক্ষাগুরু তার মা। মায়ের কাছ থেকেই শিশু ভাষা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধের প্রাথমিক শিক্ষা লাভ করে। এরপর বিদ্যালয়ের শিক্ষকরা সেই শিক্ষাকে আরও বিকশিত করে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। তাই মা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।অনুষ্ঠানে মায়েদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংবর্ধিত মায়েরা আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগেও আদর্শ মা ও শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন ব্যতিক্রমী ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়