বিপ্লবী বার্তা

দৃশ্য ফাঁস, ঝামেলায় শাহরুখের ‘কিং’

চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’ ঘিরে তৈরি হয়েছে তীব্র নিরাপত্তা সংকট। একের পর এক দৃশ্য ফাঁস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ১৫ মিনিটের একটি ‘ফ্যান এডিট’ বা ‘মিনি কিং’ ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে নির্মাতা দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুম্বাইয়ের বর্তমান শুটিং সেটে নিরাপত্তা বলয় দ্বিগুণ করা হয়েছে।জানা গেছে, সিনেমার ফাঁস হওয়া দৃশ্য, পাপারাজ্জিদের ধারণ করা ক্লিপ ও সেটের স্থিরচিত্র জোড়া লাগিয়ে এআই প্রযুক্তির সাহায্যে ছবির সম্ভাব্য মূল গল্পটি পুনর্গঠন করার চেষ্টা করেছে ভক্তরা। প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলাদা আলাদা ক্লিপ ফাঁস হওয়া নিয়ে টিম আগে থেকেই বিরক্ত ছিল, কিন্তু এআই দিয়ে বানানো এই ভিডিওটি পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে। কারণ এটি হলের ভেতরে দর্শকদের আসল চমক বা অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে।এই ঘটনার পর মুম্বাইয়ের ব্যস্ত ও জনবহুল এলাকা ঘোডবন্দর রোডে চলমান শুটিংয়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। জনাকীর্ণ এলাকা হওয়ায় পুরোপুরি গোপনীয়তা রক্ষা করা কঠিন, তবে ইউনিটের বাইরে সাধারণ মানুষের চলাচল একদম সীমিত করা হয়েছে; বিশেষ করে অ্যাকশন ও গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ের সময়। সূত্র বলছে, ইউনিটের ভেতরে মুঠোফোন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও, বাইরে থেকে সাধারণ মানুষের ফুটেজ ধারণ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ।বর্তমানে সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্যাচওয়ার্ক, অতিরিক্ত অ্যাকশন দৃশ্য ও ভিএফএক্সের (ভিএফএক্স) কাজ একসঙ্গে চলছে। আরও প্রায় দুই মাসের শুটিং বাকি রয়েছে এবং আগামী জুলাইয়ের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন নির্মাতারা।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ও ছবিগুলো আর না ছড়ানোর জন্য দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি ভক্তদের আহ্বান জানিয়ে বলেন, ‘কিং’এর সেট থেকে ফাঁস হওয়া কোনো উপাদান যেন শেয়ার না করা হয়, যাতে দর্শকরা বড় পর্দায় আসল চমক উপভোগ করার সুযোগ পান।বলিউডে বড় বাজেটের সিনেমার ফুটেজ লিক হওয়া নতুন কিছু না হলেও, এআই প্রযুক্তি ব্যবহার করে পুরো গল্পের কাঠামো তৈরি করে ফেলা এখন নির্মাতাদের জন্য নতুন এক আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে শাহরুখ খানকে পুরোপুরি এক নতুন অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত সিনেমার চমক গোপন রাখতে মরিয়া পুরো ‘কিং’ টিম।

দৃশ্য ফাঁস, ঝামেলায় শাহরুখের ‘কিং’