ফকিরহাটে কুরিয়ার সার্ভিসে হামলা ও লুটপাট, ম্যানেজারসহ আহত ৫
বাগেরহাটের ফকিরহাটে একটি কুরিয়ার সার্ভিস অফিসে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) ফকিরহাটের 'স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস' এর অফিসে এ ঘটনা ঘটে। এতে ম্যানেজার সুশীল রায়সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত সুশীল রায়কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ফকিরহাট উপজেলার চৌধুরী ভিলা ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে চট্টগ্রামের কিছু ব্যবসায়ী অবৈধভাবে রেনু পোনার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সেই একই ভবনের পাশেই স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের অফিস অবস্থিত।অভিযোগ রয়েছে, রেনু ব্যবসায়ীরা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার প্রতিদিন কুরিয়ার অফিসের সামনে পার্কিং করে রাখতেন। গাড়ি থেকে পড়া নোংরা পানি ও বর্জ্যের দুর্গন্ধে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ওই প্রাইভেটকারটি আবারও অফিসের সামনে রাখা হলে ম্যানেজার সুশীল রায় এতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার হোসেন (৫৫), জাহিদুল ইসলাম (৪৫) ও নিয়ামুল কবির (৪০)সহ একদল লোক লাঠিসোটা নিয়ে কুরিয়ার অফিসে হামলা চালায়।হামলাকারীরা ম্যানেজার সুশীল রায়কে এলোপাতাড়ি মারধর করে জখম করে। তাকে রক্ষা করতে গেলে ডেলিভারিম্যান জিহাদ শেখ (২৩), জুয়েল মোল্লা (২৩), মিরাজুল ইসলাম (২৬) ও সাব্বির মোড়ল (২৪) আহত হন।কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, হামলার সময় দুর্বৃত্তরা অফিসের ক্যাশ বাক্স থেকে নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পার্সেল লুট করে নিয়ে যায়। এছাড়া অফিসের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে মো. মিজানুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।