বিপ্লবী বার্তা

জাবিতে র‍্যাগিংয়ের শাস্তি হিসেবে ৬ লাখ টাকা জরিমানা

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুটি ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ জন শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত এই শিক্ষার্থীদের চলমান ও নির্ধারিত পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত থাকবে।​গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ শাস্তির কথা জানানো হয়।​অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দিবাগত রাতে পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে র‍্যাগিং করেন। ভুক্তভোগীদের অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি ও কান ধরিয়ে ওঠবস করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিভাগের আট শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, গত ৩ জুলাই দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করেন একই বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​অফিস আদেশে আরও জানানো হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী অভিযুক্তদের এই শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে তাদের বিরুদ্ধে অধিকতর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাবিতে র‍্যাগিংয়ের শাস্তি হিসেবে ৬ লাখ টাকা জরিমানা