রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই শেষ হতে পারে — স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলার চার্জশিট রোববারের মধ্যেই জমা দেওয়া হবে এবং আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হতে পারে।রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।এ সময় সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে।