রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নৃশংস এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রতিবাদের ঢেউ নেমে আসে। অনেকেই এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “রামিসার মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন মা হিসেবে আমার বুক ফেটে যাচ্ছে। এমন নৃশংসতার বিচার চাই, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। রামিসা তুই শান্তিতে থাক মা।”মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। তারা মনে করেন, শুধু বিচারের দাবি নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বন্ধ করা কঠিন হবে।এদিকে, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।এই ঘটনায় পুরো এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।