বিপ্লবী বার্তা

চবিতে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, ১৮ বছরেই রক্তদানে উৎসাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব। একই সঙ্গে শিক্ষার্থীদের ১৮তম জন্মদিন থেকেই স্বেচ্ছায় রক্তদানের অভ্যাস গড়ে তুলতে সচেতন করা হয়েছে।রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অংশগ্রহণকারীদের অনেকেই এবারই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।ক্যাম্পেইনে রক্তের গ্রুপ পরীক্ষা করানো একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়মান বলেন, 'অনেক আগে একবার পরীক্ষা করিয়েছিলাম। তবে ক্যাম্পাসে এসে বিনামূল্যে আবারও নিজের রক্তের গ্রুপ নিশ্চিত হতে পেরে খুব ভালো লাগছে। আমার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। তবে ১৮ হলে অবশ্যই নিয়মিত রক্তদান করব, ইনশাআল্লাহ।'কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ এস এম শিহাব বলেন, 'আজকের ক্যাম্পেইনে আমরা শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য সামাজিক সচেতনতা তৈরি করা, যাতে তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই রক্তদানের আগ্রহ জন্মে। মানবিক ও সেবামূলক এ ধরনের কর্মসূচি আমাদের ক্লাব ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করবে।'উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, দুর্যোগে ত্রাণ বিতরণ ও রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে আসছে। '১৮তম জন্মদিনে রক্তদান' সংগঠনটির নিয়মিত উদ্যোগগুলোর একটি।

চবিতে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, ১৮ বছরেই রক্তদানে উৎসাহ