বিপ্লবী বার্তা

চবিতে 'জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস' উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে বিআরএফ ইয়ুথ ক্লাবের বিশ্ববিদ্যালয় শাখা।সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পরিচালিত হয়।কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেয় সংগঠনটি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে তুলতেই তাদের এ উদ্যোগ। মানুষের জীবন বাঁচাতে রক্তদানের বিকল্প নেই। এ ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তৌহিদ সাদিক ফাহিম বলেন, প্রতিটি সচেতন নাগরিকের নিজের রক্তের গ্রুপ জানা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি আরও বেশি প্রয়োজন। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে সেবামূলক মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখে।সংগঠনটির এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

চবিতে 'জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস' উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়