বিপ্লবী বার্তা

যান্ত্রিক ত্রুটির কারনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোল মিল ভেঙে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির বাকি দুটি ইউনিটই বন্ধ ছিল। ফলে চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, কোল মিল ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। পাথর মিশ্রিত কয়লার কারণে এই ত্রুটি দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ইউনিটটি সচল করতে মেরামত কাজ চলছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি চালু করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

যান্ত্রিক ত্রুটির কারনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ