ঝালকাঠির লাজ ফার্মার ভুল ওষুধে মা-মেয়ে অসুস্থ
ঝালকাঠি পৌর শহরের রোনালস রোড এলাকায় নামী ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠান ‘লাজ ফার্মা’র বিরুদ্ধে ভুল ও অতিরিক্ত মাত্রার ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ওষুধ সেবন করে মা ও মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার টিনপট্টি এলাকার (হক ম্যানশন-২) বাসিন্দা মাকফা আক্তার লাকী (৩৮) ও তার মেয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তারা বরিশালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাদের নির্দিষ্ট কিছু ওষুধ এবং সেবনবিধি লিখে দেন।ভুক্তভোগী পরিবার জানায়, চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে তারা রোনালস রোডের আমতলা মোড়ে অবস্থিত ‘লাজ ফার্মা লিমিটেড’-এ যান। অভিযোগ অনুযায়ী, ফার্মেসি থেকে নির্ধারিত ডোজের পরিবর্তে ভুল ওষুধ দেওয়া হয়। সেখানে ৫০ মিলিগ্রামের ওষুধের পরিবর্তে ১০০ মিলিগ্রামের ওষুধ দেওয়া হয় এবং দিনে একবার সেবনের স্থানে দুইবার সেবনের নির্দেশ লিখে দেওয়া হয়।ভুল মাত্রার এই ওষুধ সেবনের পরপরই মা ও মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তারা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ফার্মেসি কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইতে গেলে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেয়নি। ভুক্তভোগীদের দাবি, ফার্মেসি কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার না করে উল্টো হয়রানিমূলক আচরণ করে।কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।ঝালকাঠি থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।