বিপ্লবী বার্তা

দুদকের মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে

বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় আগে থেকেই আটক থাকা সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।দুদক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। গত ২৫ মার্চ আদালতে এ আবেদন জমা দেওয়া হয়।মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা, তবে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।দুদকের দাবি, বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ সংগ্রহ করে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে সেই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও গোপনের মাধ্যমে অর্থপাচার করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইনে মামলা করা হয়েছে।আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।এর আগে, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

দুদকের মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে