বিপ্লবী বার্তা

হরমুজ প্রণালির কাছে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, লক্ষ্যবস্তু কেশম দ্বীপ

ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ (MQ-1) গোয়েন্দা ও আক্রমণকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গত ৬ নভেম্বর শুক্রবার এ ঘটনার কথা জানায় ইরানের বিপ্লবী গার্ড। তাদের দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ঠিক কখন এবং কী ধরনের ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান।বিপ্লবী গার্ডের দাবি, চলমান সংঘাত শুরুর পর এটি তাদের ভূপাতিত করা ১৬তম মার্কিন এমকিউ-১ ড্রোন। একই সঙ্গে তাদের প্রকাশিত হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৫৬টি এমকিউ-৯ ড্রোনও ধ্বংস করেছে ইরানের বাহিনী। সব মিলিয়ে দুই ধরনের ৭২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তবে এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তরাংশের কাছে অবস্থিত দ্বীপটি। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।এ কারণে হরমুজ প্রণালি ও এর আশপাশের আকাশসীমায় নজরদারি এবং সামরিক উপস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কেশম দ্বীপের আশপাশে মার্কিন ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার দাবি সেই সামরিক উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।এমকিউ-১ ড্রোন যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরনিয়ন্ত্রিত আকাশযান। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আক্রমণ পরিচালনার কাজে এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নির্দিষ্ট এলাকার ওপর নজরদারি চালানোর সক্ষমতা রয়েছে এর।তবে ইরান যে ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে, সেটির সুনির্দিষ্ট সংস্করণ বা মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।ইরানের বিপ্লবী গার্ডের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি। ফলে ড্রোনটি সত্যিই ভূপাতিত হয়েছে কি না, কিংবা সেটি কোন এলাকায় ও কী পরিস্থিতিতে ধ্বংস হয়েছে—তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কেশম দ্বীপের আকাশে ড্রোন ভূপাতিতের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও আকাশসীমায় দুই দেশের সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।  

হরমুজ প্রণালির কাছে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, লক্ষ্যবস্তু কেশম দ্বীপ