বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে টাস্কফোর্সের অভিযান, ৪ মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাউতাড়া, চকশিতা, কানইল ও ভাবিচা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিয়ামতপুর উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ যৌথভাবে এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন।​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কানইল এলাকার লবিন হেমরম (৩৯), রেন্টু দাস (৪৫) ও বিজয় দাসকে (৩৫) মাদক সেবনের দায়ে প্রত্যেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভাবিচা পশ্চিমপাড়া গ্রামের রাশেদুল ইসলামকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চারজনকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেওয়া হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুর্শিদা খাতুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়ামতপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিয়ামতপুরে টাস্কফোর্সের অভিযান, ৪ মাদকসেবীর কারাদণ্ড