দিরাই মিলন বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গড়ি সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজার অষ্টমগ্রাম এলাকাবাসীর উদ্যোগে ও পর্তুগাল প্রবাসী লিমন তালুকদারের সহযোগিতায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মিলনবাজার তালুকদার মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।এলাকার প্রবীণ মুরুব্বি আলিফ মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং মাদকবিরোধী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম তালুকদার, লৌলারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাধাকান্ত দাস, লৌলারচর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমীন, শিক্ষক জগন্নাথ মজুমদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য জলিল মিয়া, মোঃ মুক্তার হোসেন, শ্যামারচর মাদকবিরোধী কমিটির সদস্য শাহিন আফ্রিদি, দৈনিক বিপ্লবী বার্তার সাংবাদিক রুকন উদ্দীন মাসউদ (মাসউদ আলী), শাল্লা উপজেলা মাদকবিরোধী কমিটির সহ-সভাপতি শাহিন আল কাওছার প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা অপরাধের বিস্তার ঘটে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে এবং মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মিলনবাজার অষ্টমগ্রামসহ পুরো এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।