বিপ্লবী বার্তা

ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। আনুমানিক বয়স ৪০ বছর।পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে স্থানীয় পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাটের মানসা এলাকায় এসে থাকতে পারে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার