এলাকা ছাড়ার হুমকির পরপরই লেবাননে ইসরায়েলি হামলা
লেবাননের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। সাতটি এলাকা খালি করার হুমকি দেওয়ার পর রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।প্রতিবেদনে বলা হয়, যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে কফার তিবনিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল ‘পরিকল্পিত বা আসন্ন হামলার’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তবে ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে একাধিক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল।এছাড়া ইসরায়েলের ঘোষিত সাময়িক সামরিক সীমানা ‘হলুদ রেখা’র ভেতরে সেনারা অবস্থান করছে। ওই এলাকায় লেবাননের নাগরিকদের না যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম দুই দেশের যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।”
তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য মূলত হিজবুল্লাহকে দায়ী করেন।