হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সৌদির
পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীদের আগমন শুরু হয়েছে। আল্লাহর মেহমানদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সক্ষমতা নিয়োগের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।পবিত্র দুই মসজিদের খাদেম বাদশা সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে হজযাত্রীদের স্বাগত জানিয়েছেন। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে তিনি হজের নিরাপত্তা এবং প্রতিরোধমূলক পরিকল্পনাগুলো পূর্ণ উদ্যমে বাস্তবায়নের নির্দেশ দেন। বিশেষ করে মক্কা ও মদিনার পবিত্র স্থানসহ আকাশ, স্থল ও সমুদ্রপথের সকল প্রবেশদ্বারে হজযাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ওপর তিনি জোর দিয়েছেন।হজের প্রস্তুতি সরেজমিনে তদারকি করতে মিনার তাঁবুগুলো পরিদর্শন করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। সেবার মান যাচাই শেষে তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মিনার তাঁবুগুলোর সক্ষমতা ও কার্যকারিতা অনেক বাড়ানো হয়েছে। হজের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি সরকার।এবার হাজিদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের জন্য নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া হাজিদের সঠিক দিকনির্দেশনা ও সময়সূচী জানাতে পর্যাপ্ত ডিজিটাল নির্দেশিকা ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। হজ মন্ত্রী জানান, ভিড় ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এই প্রযুক্তিগত পদক্ষেপগুলো বড় ভূমিকা রাখবে।সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য অনুযায়ী হাজিদের অভিজ্ঞতাকে আরও উন্নত, আধুনিক ও আরামদায়ক করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মক্কা ও মদিনায় আগত মেহমানদের সেবা এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে সৌদি আরব তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।