বিপ্লবী বার্তা

মুকসুদপুরে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কথিত ‘এসআই আশিক’ পরিচয়ে এক প্রতারক স্থানীয় এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা দাবি করেছে বলে জানা গেছে।ভুক্তভোগী সুমন বিশ্বাস মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিন নায়াকান্দি গ্রামের রায়চরণ বিশ্বাসের ছেলে। তিনি জানান, গত বুধবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এক নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে বারবার কল আসে। কলদাতা নিজেকে মুকসুদপুর থানার এসআই আশিক বলে পরিচয় দেন।কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি দাবি করেন যে, সুমনের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়েছে। ২০ হাজার টাকা দিলে মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া সম্ভব হবে বলে টোপ দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে সুমন বিশ্বাস স্থানীয়ভাবে খোঁজ নেন এবং সরাসরি মুকসুদপুর থানায় যোগাযোগ করেন। থানা কর্তৃপক্ষ জানায়, মুকসুদপুর থানায় আশিক নামে কোনো এসআই বর্তমানে কর্মরত নেই। এতে বিষয়টি একটি সুপরিকল্পিত প্রতারণার চেষ্টা বলে নিশ্চিত হওয়া যায়।স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পুলিশের নাম ও পদবী ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এই প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।একই সঙ্গে, অপরিচিত নম্বর থেকে পুলিশ পরিচয়ে টাকা দাবি করলে বিভ্রান্ত না হয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করার এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

মুকসুদপুরে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা