বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের মন্তব্য গ্রহণযোগ্য নয়: জেডিপি
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই সঙ্গে ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।শনিবার এক বিবৃতিতে জেডিপির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মাহতাব হোসেন (সাব্বির) বলেন, গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে ভারতীয় হাইকমিশনারের দেওয়া মন্তব্য কূটনৈতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মন্তব্য করার আগে ভারতের উচিত দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া। বিশেষ করে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুর কথা তুলে ধরে জেডিপি দাবি করে, এসব বিষয়ে ন্যায়সঙ্গত আচরণই দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।জেডিপি আরও বলেছে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের নীতির পরিপন্থী। দলটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিষয়টির যথাযথ কূটনৈতিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানায়।বিবৃতিতে জেডিপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে এবং যেকোনো বিদেশি আধিপত্যবাদী তৎপরতার বিরুদ্ধে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।