বিপ্লবী বার্তা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির নাম নরেন ধর (৩৮)। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।নগর পুলিশের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ঘটনাটির প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার