বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১২ অক্টোবর (সোমবার) সকালে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  র‍্যালিটি  উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল,  মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন,  তথ্য আপা সাবিনা ইয়াসমিন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। এসময় ইউএনও মুর্শিদা খাতুন তার বক্তব্যে বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের বোঝা নয়, তারা অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, কন্যাশিশুদের বাল্যবিয়ে থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মুর্শিদা খাতুন।

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত