বিপ্লবী বার্তা

পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ শ্রমিক নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবুল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান ভাঙার মেশিনে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে একই গ্রামের হাবিবুর রহমানের জমিতে ধান কাটার কাজ করেছিলেন বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম। ওই কাজের বাবদ হাবিবুর রহমানের কাছে সিরাজুলের ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল।রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম বরদল গ্রামের পাশের একটি জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় সেখানে হাবিবুর রহমানকে দেখতে পেয়ে তিনি পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।এ সময় কাছাকাছি অবস্থান করা বাবা বাবুল মিয়া ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। পরিবারের অভিযোগ, অভিযুক্তরা বাবুল মিয়ার দাড়ি ধরে মাটিতে ফেলে দিয়ে বুকের ওপর উঠে কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে নেওয়ার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ শ্রমিক নিহত