বিশ্বকাপ ফাইনালে প্রথম হাফটাইম শো, মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোল স্টাইলে হাফটাইম শো। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিরতির সময় বসবে এ জাঁকজমকপূর্ণ কনসার্ট। আয়োজনটি করেছে ফিফা।এই শোতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, কলম্বিয়ান সুপারস্টার শাকিরা এবং কে-পপ গ্রুপ বিটিএস। পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-এর ভোকালিস্ট ক্রিস মার্টিন।ফিফা জানিয়েছে, এই ধরনের হাফটাইম শো বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম। তবে বিরতির সময় কতটা বাড়ানো হবে, তা নিয়ে ইতিমধ্যেই কিছু প্রশ্ন উঠেছে।এবারের বিশ্বকাপ আয়োজন হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ ব্যবস্থাপনায়, যা মাঠে গড়াবে আগামী ১১ জুন থেকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই এমন শোর ইঙ্গিত দিয়েছিলেন, যা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। তিনি একে বিশ্বকাপ ইতিহাসের ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।ফিফা আরও জানিয়েছে, ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও বিশেষ আয়োজন থাকবে। এই হাফটাইম শো থেকে আয় করা অর্থ যাবে ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষায় সহায়তার জন্য প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা।এরই মধ্যে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং নিয়েও আলোচনায় আছেন শাকিরা। তাঁর নতুন গান ‘দাই দাই’–এর ৬৭ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে পারফর্ম করার পর আবারও বিশ্বমঞ্চে ফিরছেন শাকিরা, যাকে ঘিরে ফুটবল ও সংগীত দুনিয়ায় নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।