বিপ্লবী বার্তা

ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই অভিযান, ইয়াবা ও সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১১৪ পিস ভারতীয় ইয়াবা ও ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি জানায়, সীমান্তে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে শনিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালায় গঙ্গারহাট বিওপির একটি টহল দল। এ সময় একজনকে আটকসহ ১১৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালায় অনন্তপুর বিওপির টহল দল। এ সময় ১২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই অভিযান, ইয়াবা ও সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ