বিপ্লবী বার্তা

গোবিপ্রবির চার প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চারটি উন্নয়ন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া অংশগ্রহণ করেন।সভায় ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে গোবিপ্রবির চারটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়।প্রকল্প চারটি হলো- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন- OPEC Fund for International Development (OFID), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন।এই সুপারিশের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং সার্বিক সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোবিপ্রবির চার প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির অনুমোদন