অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া এলাকার ‘আনিছ প্লাজা’র সামনে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পীর বাড়ী এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণে আনিছুর রহমান তাকে ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনিছ প্লাজার সামনে বিষয়টি নিয়ে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ উত্তেজিত হয়ে তার সাথে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহমুদ পলাতক রয়েছেন।পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।