বিপ্লবী বার্তা

ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্টল ভেঙে দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব খেলার মাঠ বাণিজ্যিক ব্যবহারের হাত থেকে রক্ষা ও নিজেদের দখলে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় থেকে দুটি ট্র্যাক্টর নিয়ে এসে ক্যাম্পাসের মাঠে নির্মিত বাণিজ্য মেলার বিভিন্ন স্থাপনা ও প্রধান ফটক ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তারা।সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেলার প্রধান অস্থায়ী প্রবেশদ্বার ভাঙার কাজ সম্পন্ন করে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ফিরে যান।এর আগে দুপুর ১২টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে মাঠ প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয় থেকে আনা দুটি ট্র্যাক্টর ব্যবহার করে মেলা উপলক্ষে নির্মিত বিভিন্ন অস্থায়ী অবকাঠামো ভাঙচুর করতে শুরু করেন। একপর্যায়ে মেলার মূল গেটটিও ভেঙে ফেলেন তারা।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে কোনোভাবেই বাণিজ্য মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও কৃষি গবেষণার কাজে ব্যবহারের জন্য অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। একই সাথে মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করে সেখানে সব ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধ রাখার জোরালো দাবি জানান তারা।গত ২৭শে অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন এবং পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে যান। এরপর ২৮শে অক্টোবর তারা মেলার অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন।গত ১লা নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা, যার ফলে আশপাশের সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্টল ভেঙে দিলেন শেকৃবি শিক্ষার্থীরা