পুলিশ সপ্তাহ ২০২৬: আস্থা ও পেশাদারিত্বের ডাক তারেক রহমানের
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।বার্তায় তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে জনগণের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরেছে। তিনি আরও বলেন, জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে, যেখানে জানমালের কোনো ভয় থাকবে না।তারেক রহমানের মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয় বলেও তিনি মন্তব্য করেন।তিনি বলেন, একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনীই ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি। বর্তমান সরকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি জানান, তারা উপযুক্ত পরিবেশে দায়িত্ব পালনে সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে বলেও উল্লেখ করেন তিনি।তবে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মত দেন তারেক রহমান। তিনি মাদক, কিশোর গ্যাং ও মব সহিংসতা প্রতিরোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।শেষে তিনি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পুলিশ সপ্তাহ ২০২৬ সফলভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।