বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্র ও এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার ঘোষনগর ও দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জীবননগর উপজেলার পাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে কৃষক রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (১৪)। আজিমুল স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।দুপুর ১২টার দিকে কৃষক রাসেল হোসেন বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করতে যান। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, নিহত শিক্ষার্থী আজিমুলের স্বজনরা জানান, আজিমুল তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি একটি বড় গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু