বিপ্লবী বার্তা

মামলা প্রত্যাহার করায় কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে। ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী স্থানীয় বিএনপি সংসদ সদস্যের (এমপি) তত্ত্বাবধানে এই মামলা প্রত্যাহার করায় আগামীকাল ২৬ জুন (শুক্রবার) পূর্বনির্ধারিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে দলটি।বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে দলের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি জানান, গতকাল (বুধবার) দলের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল যে, ২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে শুক্রবার দেশব্যাপী রাজপথে বিক্ষোভ করা হবে। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ হয়েছে, তাই কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।বিবৃতিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত হলেও রাঙ্গামাটি জেলায় আগামীকাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল যথারীতি অনুষ্ঠিত হবে। মুখপাত্র জানান, রাঙ্গামাটি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে স্থানীয় যুবদলের এক ইউনিয়ন সেক্রেটারি কর্তৃক কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে এই জেলাভিত্তিক কর্মসূচি বহাল রাখা হয়েছে।তৃণমূলের এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির তৃণমূলে পূর্বতন ধারার হামলা-মামলা ও প্রতিহিংসানির্ভর কলুষিত রাজনীতির চর্চা এখনো বিদ্যমান। এর ফলে অন্য দলগুলোর নেতাকর্মীরা এবং ক্ষেত্রবিশেষে খোদ বিএনপির সাধারণ কর্মীরাও পারস্পরিক জুলুমের শিকার হচ্ছেন।বিবৃতিতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দলটিতে দ্রুত সাংগঠনিক সংস্কার আনার জোর আহ্বান জানান। একই সাথে অপরাধী এবং পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে বিএনপির মতো বড় দলে আশ্রয় নিয়ে নতুন করে অপরাধ করার সুযোগ না পায়, সে বিষয়ে এখনই সতর্ক থাকার তাগিদ দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বিএনপির নেতা-কর্মীদের শান্ত থাকার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মামলা প্রত্যাহার করায় কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত