৪ মে ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।তিনি জানান, মরদেহটি ইতোমধ্যে ফিউনারেল হোম গ্রহণ করেছে। আগামী ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।প্রায় আট দিন পর, ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর কালো রঙের আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তে লিমনের শরীরে অসংখ্য জখম ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীরা তাদের অ্যাপার্টমেন্টের বসার ঘর থেকে বেডরুম পর্যন্ত রক্তের দাগ খুঁজে পান। ফরেনসিক পরীক্ষায় লিমন ও বৃষ্টির ডিএনএও শনাক্ত করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। ঘটনাটি আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।